শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২ || ০৬ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোজার আগেই চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৫০, ৬ মার্চ ২০২৪

৪৪১

রোজার আগেই চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি

রমজান মাসের আগেই চিনির দাম কেজিতে একলাফে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে টিসিবি এখন থেকে এক কেজি চিনি বিক্রি করবে ১০০ টাকায়। বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, বাজারে দাম সমন্বয় করার জন্য চিনির দাম বাড়ানো হয়েছে। আগে তুলনামূলক কম দামে চিনি বিক্রি করেছে টিসিবি। সর্বশেষ দুই-তিন মাস আগে ডিলারদের চিনি দেওয়া হতো, তখন দাম কম ছিল। এখন বাজারে চিনির দাম অনেক বেড়েছে।

এর আগে ফ্যামিলি কার্ডধারীদের ৭০ টাকা কেজি দরে চিনি দিয়েছে টিসিবি। আর গত রমজানে প্রতিকেজি চিনির দাম ছিল আরও ১০ টাকা কম। তখন প্রতি কেজি চিনি ছিল ৬০ টাকা।

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর টিসিবি থেকে কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকা।

সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত দিন ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে ফ্যামিলি কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

জানা গেছে, রমজান উপলক্ষ্যে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনী বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে তিনি এর উদ্বোধন করবেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank